হযরত সুহাইব রুমী রদ্বিয়াল্লাহু তায়ালা
আনহু উনার ঈমানদীপ্ত বুদ্ধিমত্তা মুবারক
বিখ্যাত ছাহাবী হযরত সুহাইব রুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন তখন কাফির-মুশরিকরা উনার উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু করে। যে অত্যাচারের কোন সীমা ছিল না। অতঃপর তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট যাওয়ার জন্য পবিত্র মদীনাতুল মুনাওয়ারা শরীফ উনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি যখন মক্কা শরীফ ছেড়ে রওয়ানা দিলেন তখন কতিপয় কাফির পথিমধ্যে উনার পিছু নিল এবং নানা কথা বলে উনার গতিরোধ করতে চাইলো। এমতাবস্থায় হযরত সুহাইব রুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার তীর-বর্শাফলক ভালভাবে ঠিক করে নিলেন এবং কাফিরদেরকে শাসিয়ে বলতে লাগলেন- ওহে! তোমরা তো ভালভাবেই জান যে আমি তোমাদের চেয়ে পাকা তীরন্দাজ! আল্লাহ পাক উনার কসম! যতক্ষণ পর্যন্ত আমার তীরদানীর মধ্যে একটি তীরও অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নিকট ভিড়তে পারবে না। তীর শেষ হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত আমার নিকট তরবারী আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে লড়াই করে টিকে থাকতে পারবে না।
অতএব তোমাদের মধ্যে যার ইচ্ছা সে আমার সাথে লড়াইয়ে নামুক কিংবা যদি বাহুতে শক্তি থাকে তাহলেও আমার সাথে লড়াই করুক। আর যদি দুনিয়াবী সম্পদ কামনায় তোমরা এতটুকু চাও যে, আমার সম্পদের ঠিকানা তোমাদেরকে বলে দিই, তাতেও প্রস্তুত আছি। ইতোমধ্যে যেহেতু কাফিররা হযরত সুহাইব রুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত হুংকারে ঘাবড়িয়ে গেছে তাই সম্পদের প্রস্তাব শুনে সাথে সাথে রাজি হয়ে সমস্বরে বলে উঠলো- আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সম্পদের কথাই আমাদেরকে বাতলিয়ে দিন। হযরত সুহাইব রুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ংঅতঃপর কাফির দুর্বৃত্তদেরকে উনার মালসম্পদের ঠিকানা বলে দিয়ে নিরাপদে পবিত্র মদীনাতুল মুনাওয়ারা শরীফ পানে রওয়ানা হলেন। যখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে গিয়ে পৌঁছালেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা করলেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উদ্দেশ্যে পরপর দুবার ইরশাদ মুবারক করলেন- হে আবু ইয়াহিয়া! আপনার সওদা-কারবার সফলকাম হয়েছে। সফলকাম হয়েছে!। (সুবহানাল্লাহ)
Rajarbag Shareef Official
সূত্র: দৈনিক আল-ইহসান

No comments:
Post a Comment